কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার আনোয়ার হোসেন মনজিল ছাত্রীবাস থেকে অনন্দিতা রাণী মল (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে পুলিশ ছাত্রীবাস থেকে লাশটি উদ্ধার করে। সে রাজবাড়ী জেলার পাংশা কুঠি মালিয়া গ্রামের মনোরঞ্জন মলের মেয়ে এবং কুষ্টিয়া সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে মেয়েটি একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটটি উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, ‘সে তার বাবা-মায়ের আশা পূর্ণ করতে পারিনি। তার এই সিদ্ধান্তের জন্য সে নিজেই দায়ী’। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অনন্দিতা কোর্টপাড়ার আনোয়ার হোসেন মঞ্জিল ছাত্রীবাসে থেকে কুষ্টিয়া সরকারী কলেজে পড়াশুনা করতো। সে এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

গতপরশুদিন সে বাড়ি থেকে ছাত্রীবাসে ফিরেছে। তার রুমমেট বাড়িতে থাকায় একাই সে তার রুমে ছিল।বৃহস্পতিবার সকালে কাজের বুয়া ওই ছাত্রীর রুমে খাবার দিতে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের কাকা অসিত মল জানান, মঙ্গলবার অনন্দিতা বাড়ি থেকে মাসিক খরচের টাকা নিয়ে ছাত্রীবাসে ফিরেছে। ছাত্রীবাস থেকে ওর একটা মোবাইল হারিয়ে যায়। তাই বাড়ি থেকে মোবাইল কেনার টাকাও নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে শুনি ওর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তের আলামত হিসেবে এটা আত্যহত্যা হতে পারে। তাছাড়া লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে অনেক অভিমান নিয়ে কিছু কথা লিখে গেছে। সেই সাথে তার এই সিদ্ধান্তের জন্য নিজেকে দায়ী করেছেন।

এমবিএইচ