বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য এ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে এই রেড অ্যালার্ট জারি করা হয়। বেনাপোল সীমান্ত এলাকায় বিদেশিদের চলাচলে কড়াকড়ি আরোপের পাশাপাশি বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, রাজধানীর গুলশান এলাকায় ইতালির নাগরিক এবং রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসাইনও রেড অ্যালার্ট জারি করার কথা নিশ্চিত করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিনই যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গিতৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস ) দায় স্বীকারের খবর প্রকাশ করে।

গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের মাহীগঞ্জের আলুটারীতে প্রকাশ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক খুব কাছ থেকে গুলি করে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করে।

এমএইচ