গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনে ফের উত্তাল গাজীপুরের ৩ সড়ক এলাকা।

আজ শনিবার (১৭ জুলাই) বকেয়া বেতনের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন কোম্পানিটির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। গত কয়েক দিন ধরে তারা একই দাবিতে আন্দোলন করছেন।

বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।

জানা যায়, আজ শনিবার সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের জন্য বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করেন তারা। পাশাপাশি সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্টাইল ক্রাফট কারখানার শ্রমিকরা বলছেন, তাদের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে।

এ ছাড়া প্রায় ৪ হাজার শ্রমিকের চলতি মাসের বেতন পাওনা রয়েছে। বকেয়া বেতনের দাবিতে তারা বিগত কয়েক দিন ধরে কারখানার সামনে বিক্ষোভ করছেন। পাশাপাশি অবরোধ করে আসছেন ঢাকা-জয়দেবপুর সড়ক।

মালিক পক্ষ বিষয়টির সমাধান না করায় আজ শনিবার সকাল ৮টার দিকে আবারো শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ বিষয়ে জানান, শ্রমিকরা গত কয়েক দিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এইচএন