আন্তর্জাতিক মানে উন্নীত করতে রূপসী বাংলা হোটেল সংস্কার করা হবে। প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য আগামী ৩১ আগস্ট থেকে হোটেলে অতিথি প্রবেশ বন্ধ রাখা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত অতিথি আগমন বন্ধ থাকবে বলে বিডি সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্ত:মহাদেশীয় হোটেল গ্রুপের (আইএইচজি) সঙ্গে রূপসী বাংলা হোটেলের চুক্তি হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি। চুক্তির শর্ত অনুযায়ী রূপসী বাংলা হোটেলকে আন্ত:মহাদেশীয় মানে উন্নীত করতে হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কার কাজ আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু করবে রূপসী বাংলা হোটেলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিডি সার্ভিস। সংস্কার কাজের জন্য আপাতত: অতিথি আগমন বন্ধ রাখা হবে।
সংস্কার কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে বিডি সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্কার কাজ শেষে রূপসী বাংলা হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল ঢাকা’ নামে আত্মপ্রকাশ করবে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





