‘সংরক্ষিত’ এলাকায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পাঁচদিন পর এ বিষয়ে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক বৈঠকের পর জেলা প্রশাসক হাসানুজাম্মান কল্লোল সাংবাদিকদের এ তথ্য জানান।
কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় ২০ মার্চ রাতে একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ, যিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
সেনানিবাসের মতো সংরক্ষিত ও নিরাপদ এলাকায় এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন মহল থেকে ‘অসাধারণ’ কেউ জড়িত থাকার সন্দেহ প্রকাশ পেয়েছে।
নিজেদের সীমানার মধ্যে হত্যাকাণ্ড ঘটলেও নীরব থাকায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। প্রতিবাদের পাশাপাশি নানা সমালোচনা ও সন্দেহ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
এ বিষয়ে জেলা প্রশাসক হাসানুজাম্মান কল্লোল বলেন, “সেনাবাহিনীর বিষয়টি নিয়ে আইএসপিআর বক্তব্য দেবে।”
তবে কবে বা কখন বক্তব্য দেবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তিনি।
এসএম





