ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনা শনাক্ত হয়ে ১ জন ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই ময়মনসিংহের, ১ জন করে শেরপুর ও নেত্রকোনার বাসিন্দা।
এ নিয়ে চলতি মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১১৪ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
ডা. মহিউদ্দিন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ১০ জন ভর্তিসহ ১১২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১১ জন আছেন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মো: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৪ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৯৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।
এমবি





