ভারত-মায়ানমার বাংলাদেশকে মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘ভারতে ফেনসিডিল তৈরি হয়। কিন্তু ভারতীয়রা তা মাদক হিসেবে ব্যবহার করে না। একইভাবে মায়ানমার ইয়াবা তৈরি করলেও দেশটির যুব সমাজ তা মাদক হিসেবে গ্রহণ করে না। অথচ বাংলাদেশের তরুণ সমাজ ফেনসিডিল ও ইয়ারা মাদক দ্রব্য হিসেবে গ্রহণ করে জীবন শেষ করে দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ‘মাদকদ্রব্য পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথাবলেন।
তিনি বলেন, ‘মাদক প্রতিরোধে পুলিশ সব সময় কঠোর অবস্থানে থাকে। মাদকের সঙ্গে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি প্রতিমাসে মাদকদ্রব্য সংক্রান্ত ৭০০ থেকে ৮০০ মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়স এবং পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশও ধ্বংস হয়ে যাবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- এনএসইউ’র বোর্ড অব জাস্টিসের সদস্য রাগীব আলী ও এম এ কাসেম এবং এনএসইউ’র উপাচার্য ড. আমীন সরকার।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে মাদক বিরোধী র্যালিতে অংশ নেয় কমিশনার।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





