ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের কর্মীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল, মেহরাজ, জামিল ও আব্দুল্লাহ নামের স্থানীয় একজন।

আলাউদ্দিন তালুকদার জানান, আজ শুক্রবার দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষের পর সেখান থেকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আজ দুপুরে জুমার নামাজের পর আমরা মোদিবিরোধী মিছিল বের করেছিলাম। মিছিল থানার সামনে যাওয়ার পর পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি চালায়।”

এমবি