মৌলভীবাজারের রাজনগর উপজেলার ভুজবল গ্রামের এক বাড়িতে আগুন লেগে আসবাবপত্রসহ ছয়টি পাকা ঘর পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই গ্রামের পীরের বাড়ির বাসিন্দা খন্দকার আব্দুল কাদিরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন আশপাশের আরও পাঁচটি পাকা ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে নগদ টাকা, স্বণালংকার, ধান, চাল, পোশাক, ফ্রিজ, কম্পিউটার, টেলিভিশন ও আসবাবপত্রসহ ছয়টি পাকা ঘরে থাকা সব কিছু পুড়ে যায়।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খন্দকার আব্দুল কাদির।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজু ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেআই,