সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা শাহ মোঃ আবু জাফর বলেন, শ্রমিকরা বিভিন্ন ভাবে আজো নির্যাতিত হচ্ছে। তাদেরকে মালিকপক্ষ সবসময় বঞ্চিত করে।
এদেশের মেহনতি শ্রমিকের পক্ষে রাষ্ট্র কোন ভূমিকাই পালন করছে না। তাইতো ৩ বছর হয়ে যাওয়ার পরেও আজো রানা প্লাজায় যে সমস্ত শ্রমিকরা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা বিচার পায়নি-অধিকার ফিরে পায়নি।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১লা মে সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যান্য বক্তারা বলেন, মহান মে দিবস এলেই শ্রমিকের চেতনা বেড়ে যায়। এদিনকে ঘিরেই মিছিল-মিটিং আর স্লোগানে ফেটে পড়ে। কিন্তু অন্যান্য প্রতিদিন যখন শ্রমিকরা নির্যাতিত হয় তখন দুনিয়ার মজদুর এক হয় না। প্রতিটি শ্রমিকের প্রতিটি ঘটনায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। তাহলেই তারা তাদের অধিকার ফিরে পাবে।
এমই





