ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আদম খাঁ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেসোমবার সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আদম খাঁ পত্তন ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আহতদের মধ্যে ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের শামছু মেম্বারের সঙ্গে একই গ্রামে আদম খাঁর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় আদম খাঁকে রাস্তায় একা পেয়ে শামছু মেম্বারের লোকজন এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই আদম খাঁ মারা যান।
এ ঘটনার খবর পেয়ে আদম খাঁর লোকজন শামছু মেম্বারের লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুর রব।
কেএইচ





