বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য ভারত থেকে ১৪টি ঘোড়া আনা হয়েছে। ঘোড়াগুলি রোববার বিকাল থেকে বাংলাদেশের সীমান্তবর্তী বেনাপোল থানায় অবস্থান করছে।
ভারত সরকারের কাছ থেকে এই তেজী ঘোড়াগুলো কিনেছে বাংলাদেশ। পুলিশ বাহিনীর জন্যই এগুলো আনা হয়েছে। ১৪টি ঘোড়ার দাম পড়েছে এক লাখ ২৫ হাজার ৩০০ মার্কিন ডলার।
রোববার বিকালে ঘোড়াগুলো ভারত থেকে বেনাপোল বন্দর এসে পৌঁছে বলে নিশ্চিত করেছে বেনাপোল কাস্টমস।
পুলিশ জানায়,সকালে ভারত থেকে ট্রাকে করে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে এসে পৌছে। এরপর বন্দর থেকে বেনাপোল থানায় নিয়ে আসা হয়। ঘোড়াগুলো বর্তমানে বেনাপোল থানার সামনে রাখা হয়েছে।
কাস্টমস থেকে ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো ঢাকা পাঠানো হবে বলে জানায় পুলিশ। রোববার মধ্যরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোড়াগুলো পাঠানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাস্টমস থেকে ছাড়পত্র দেওয়ার পর বেনাপোল বন্দর থেকে ৩টি ট্রাকে করে ঘোড়াগুলো রাজারবাগে নিয়ে যাওয়া হবে।
তারপর সেখানে ২১দিন রাখার পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে পুলিশের রিক্যুইজিশন অনুযায়ী ঘোড়াগুলো বিভিন্ন স্থানে পাঠানো হবে। এর মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে অশ্বরোহী দলের জন্য কিছু ঘোড়া রাখা হবে, বাকি ঘোড়া নিয়ে যাওয়া হবে সারদা পুলিশ একাডেমীর জন্য। মূলত রাইডিং ঘোড়া হিসেবেই এগুলো ব্যবহার করা হবে।
ঘোড়াগুলোর বয়স ৪ থেকে ৬ বছর। ভারত থেকে কিনে আনা এই ঘোড়াগুলোর এজেন্ট শাহ মো: এনামের সঙ্গে বেনাপোল বন্দরেই কথা হচ্ছিল।
তিনি জানান, সাধারণত ঘোড়া ২৫ থেকে ৩০ বছর বাঁচে। ১৮ বছর পযন্ত এদের রাইডিং ঘোড়া হিসেবে ব্যবহার করা হয়। সবগুলো ঘোড়া এসেছে ভারতের পাঞ্জাব থেকে।
সারদা পুলিশ একাডেমীতে হর্স রাইডিং স্কুল রয়েছে। এখানে প্রশিক্ষানার্থীরা এক সঙ্গে ১৫টি ঘোড়ায় চড়তে পারেন। প্রশিক্ষানার্থীদের এজন্য আলাদা রাইডিং ট্রাকও রয়েছে।
তাছাড়া ব্রিটিশ আমল থেকেই পুলিশের ঐতিহ্যের একটি অংশ হয়ে রয়েছে ঘোড়া। পুলিশের অশ্বারোহী একটি দলও রয়েছে।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান,ঘোড়াগুলো সকালে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।
বর্তমানে থানার সামনে রাখা হয়েছে। কাস্টমস থেকে ছাড়পত্র পেলেই ঢাকায় পাঠানো হবে।
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ





