লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বিছনদই গ্রামের মৎস্য চাষী নুরুজ্জামান (৩৫), কবির (৪৫) ও মনির উদ্দিন (৫০) যৌথভাবে পুঁজি খাটিয়ে মৎস্যচাষ করেন।
বুধবার (১৭ মার্চ) ভোরে ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ওই পুকুরে মাছ মরে মরে ভেসে উঠতে দেখে মৎস্যচাষীদের খবর দেয়। তারা এসে দেখে পুকুরের সমস্ত পোনা মাছ মরে গেছে।
পশ্চিম বিছনদই গ্রামের আরফান আলীর পুত্র মৎস্যচাষী নুরুজ্জামান হোসেন জানান, প্রতিবেশি একটি পক্ষ মাছ চাষের জন্য আমাদের সঙ্গে ওই পুকুরে অংশীদার হতে চেয়েছিল। অংশীদার না করায় আক্রোশের বসে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলে। মাছ চাষ করে মুনাফা অর্জনের স্বপ্ন ছিল। কিন্তু এখন আমরা পুঁজি হারিয়ে পথে বসেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা মোবাইল ফোনে আমাকে পুকুরে মাছ মরার ঘটনাটি জানিয়েছে। কারও প্রতি সন্দেহ হলে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি ক্ষতিগ্রস্তদের।
নুরনবী/এমবি





