আন্দোলনরত পাট শ্রমিকদের এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পহেলা বৈশাখ পালন করব আর পাট শ্রমিকরা রাস্তায় আন্দোলন করবে এটা হয় না।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত একজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানায়, এক হাজার কোটির মধ্যে ৩০০ কোটি টাকা পহেলা বৈশাখের আগেই দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই টাকা দিয়ে পাট শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য প্রাপ্য পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের জানান, খুলনায় পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এ অর্থছাড় দেওয়া হবে। আর নববর্ষের আগে অন্তত বকেয়া মজুরির টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।


এসএম