জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তাঁর নির্বাচনী রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।  

মঙ্গলবার (১৬ জুলাই) সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া এই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন।

এতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২১ রংপুর-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই ৯০ দিন গণনা ধরে উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পল্লী নিবাসেই সমাহিত এরশাদ

অবশেষে স্বপ্নের বাসভবন পল্লী নিবাসেই সমাহিত করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে।  

রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৬টার দিকে রংপুরে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চতুর্থ ও শেষ দফায় এরশাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মরদেহ বহনকারী গাড়িটি আটকে দেন নেতাকর্মীরা। এসময় তারা স্লোগান দিয়ে এরশাদকে রংপুরে দাফনের দাবি জানান।

এই অবস্থায় রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে পল্লী নিবাসেই সাবেক রাষ্ট্রপতি এরশাদকে দাফন করার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।  

উল্লেখ্য, গত ১৪ জুলাই (রোববার) সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় জাতীয় সংসদে দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রংপুরে চতুর্থ জানাজা শেষে আজ (১৬ জুলাই) তাকে দাফন করা হবে।  

এমবি