হেফাজত ইসলামের পক্ষে নিজের ফেসবুকে শেয়ার করা ও তাদের পক্ষে কথা বলার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম শরীফ’কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) এই তথ্য জানা গেছে। টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক সম্পাদক সেলিম শরিফ হেফাজতে ইসলামের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের পক্ষ অবলম্বন করে ও স্থানীয়দের সাথে এ সম্পর্কে তাদের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দিয়ে থাকেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মিলন মোল্লা বলেন, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলায় আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম শরীফ বলেন, “আমি ফেসবুকের তেমন কিছুই বুঝি না। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।”
এমবি





