কুষ্টিয়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধার সম্মুখীন হয়। এতে মিছিলটি পন্ড হয়ে যায়।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বাবলু প্রমুখ।
এদিকে, কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্য রাতে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে নির্মাণাধীন মেডিকেল কলেজের সামনে একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার সময় পুলিশ তাদের আটক করে ও একটি পেট্রোল বোমা উদ্ধার করে।
আটককৃতরা হলো- হাসান (১৪), রাজন (১৫), আল আমিন (১৫), মুন্না (১৫), রাশেদ (১৬) ও নাজিম (৩৫)। এছাড়া ইবি পুলিশ নাশকতার আশঙ্কায় এক শিবির কর্মীকে আটক করেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে পরপর কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এই চক্রটি। এ সময় তারা একটি ট্রাকে বোমা ছুড়তে গেলে পুলিশ ও স্থানীয়রা তাদের আটক করে।
এসএইচ





