আগুন নিয়ন্ত্রণে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফের চালু হয়েছে। স্থগিত রাখা ফ্লাইটগুলো ছাড়তে শুরু করেছে।

শুক্রবার বিকাল ৫টা থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে জানান বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম। এর আগে দুপুর ১টা ৩৬ মিনিটের দিকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দেয়া হয়। একই সঙ্গে বিমানবন্দরে সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ছিল। যাত্রী ও কর্মকর্তাদের নিরাপদে বের করে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপনা (জনসংযোগ) পরিচালক তাছমিন আকতার বলেন, ‘বিমানবন্দরের টার্মিনাল ভবন-১ এর তিনতলায় এয়ার ইন্ডিয়ার একটি কার্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বাংলাদেশ বিমানেরও একটি কক্ষ আছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।

এমএনজে