জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শরিফপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ ক্যান্টমেন্টের সেনা সদস্য মো. শাহীনুল আলম ও তার বন্ধু শাহীনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে শাহীনুল আলম এবং শাহীনুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি শরিফপুর তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় শাহীনুল আলম ও শাহীনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু`টি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাহীনুল আলম শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। শাহীনুল ইসলাম একই গ্রামের মোবারত হোসেন দুদু মিয়ার ছেলে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।