যশোর সদর উপজেলার নোঙ্গরপুর জামতলা মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিয়াসের মা ববিতাসহ (৩৫) দু’জন।
শনিবার সকালে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ববিতাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও জরিনা খাতুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
নিহত শিশুটি বাঘারপাড়া উপজেলার গরিবপুর গ্রামের আবু খায়েরের ছেলে। সে বাবার কর্মস্থল খুলনার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, সকালে পিয়াসকে নিয়ে তার মা যশোরের খাজুরা বাসস্টান্ড থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসে ওঠেন।
পথে নোঙ্গরপুর জামতলা মোড়ে এলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিয়াসের। এসময় পিয়াসের মা ও জরিনা আহত হন।
এমকে





