চুয়াডাঙ্গা শহরের দুই এলাকায় তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে; পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে আরও একটি অবিস্ফোরিত হাতবোমা।
মঙ্গলবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে শেখ পাড়ায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ও রেলওয়ে স্টেশনের কাছে গমপট্টি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে খবর পেয়ে সদর থানার এস আই আবুল খায়ের ওই সব এলাকায় অভিযান চালান। পরে গমপট্টি এলাকা থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক মোটরসাইকেলে করে শেখ পাড়ায় স্কুলের সামনে এসে পরপর দুটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
প্রায় দুই ঘণ্টার ব্যবধানে রাত ১১টার দিকে গমপট্টিতে আরও দুটি হাতবোমা ছুড়ে চলে যায় দুর্বৃত্তরা, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ওই খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ।
অভিযানে থাকা এসআই আবুল খায়ের বলেন, “দুই ঘটনাস্থলই পুলিশ ঘুরে দেখেছে। গমপট্টি এলাকার নৈশ প্রহরীদের সঙ্গে কথা বলা হয়েছে। বিস্ফোরণে কেউ আহত হওয়ার খবর আসেনি। গমপট্টি থেকে উদ্ধার তাজা বোমাটি থানায় এনে পানিতে রাখা হয়েছে।”
এসব ঘটনায় কারা জড়িত, তা জানতে পারেনি পুলিশ। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
এএইচ





