ময়মনসিংহে সাবেক স্বামীর এসিড নিক্ষেপে স্ত্রী সহ তিন ভাই বোন দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হালুয়াঘাটের পাগলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হালুয়াঘাট উপজেলার পৌর শহরের রঘুনাথপুর এলাকার সোহেল মিয়া ও কালাপাগলা গ্রামের মরিয়মের সঙ্গে প্রেম ছিল। দুই বছর আগে পরিবারের অজান্তে বিয়ে হয় তাঁদের। বিয়ের এক বছর পর মরিয়ম জানতে পারেন, সোহেল বিবাহিত এবং তাঁর একটি কন্যাসন্তান আছে।
আট মাস আগে মরিয়ম ও সোহেলের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার রাতে জানালা দিয়ে মরিয়মের দিকে এসিড নিক্ষেপ করে সোহেল। আর এতেই দুই ভাইবোনসহ দগ্ধ হয় মরিয়ম। পরে এলাকাবাসী এলে পালিয়ে যায় সোহেল।
ঘটনার পর তিন ভাইবোনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিম জানান, রাত ১০টার পর এসিডদগ্ধ অবস্থায় তিন ভাইবোনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, ‘কেউ আটক হয়নি। কে এসিড ছুড়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি।’
জেড





