রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও দু’জন।

আজ ভোর সোয়া ৬টার দিকে প্রগতি সরণীর কোকোকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলাল হোসেন (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালকের নাম আবু সাঈদ (৩৫)। তবে আহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি। ভাটারা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা এলাকার ট্রাফিক পুলিশ নুরুল ইসলাম। তিনি জানান, তখন তাঁর ডিউটি ছিল না। তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কোকাকোলা মোড়ে প্রগতি সরণিতে গিয়ে দেখেন অটোরিকশা উল্টে আছে। আর সড়কে রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, আজ সকাল সোয়া সাতটার দিকে ওই তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এর মধ্যে বেলাল ও শ্যামলকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।


এএস