সিলেটে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। মিছিল চলাকালে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও একটি অটোরিকশায় আগুন দেয়।

বুধবার সকাল ৮টার দিকে নগরীর আম্বরখানা সরকারি কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটায় ছাত্রদল কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মী মিছিল বের করেন।

এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মিছিল চলাকালে তারা ৪-৫টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে