বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রাকসহ পুলিশ ও দমকল বাহিনীর পাঁচটি যানবাহনের পর পর সংঘর্ষে চার বাসযাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেতুর পূর্ব প্রান্তে ৪০ নং পিলারের কাছের এ দুর্ঘটনা ঘটে।

এসময় পুলিশ ও দমকল বাহিনীর পাঁচ সদস্যসহ ২০জন আহত হন।

সেতু পশ্চিম, পূর্ব থানা, ট্র্র্র্রাফিক পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছেন।

হতাহতরা অধিকাংশই বাস যাত্রী। তাদের মধ্যে উদ্ধারে অংশ নেয়া দুইজন পুলিশ ও দমকল বাহিনীর তিনজন সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে ১০জন গুরুতর বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ‘পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস ঢাকা যাবার পথে ঘন কুয়াশার কারণে সেতুর ওপর ঢাকাগামী একটি গরুর ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এ সময় পেছন থেকে আরো একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। যার ফলে বাসটি সেতুর রেলিং-এর ধাক্কায় সেতুর ওপর উল্টে যায়। এ সময় চার জন নিহত ও ১৫জন আহত হন।’

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাবিবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উদ্ধার করতে যান।

ঘন কুয়াশার কারণে উদ্ধারে অংশ নেয়া পুলিশ ও দমকল বাহিনীর দুটি পিকআপ ধাক্কা খেয়ে সেতু পশ্চিম থানার চালক ও কনস্টেবল এবং দমকল বাহিনীর তিন সদস্যসহ পাঁচজন আহত হন।

এমকে