আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ষোল রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ইউনুস আলী নামে এক ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনুস আলী শৈলকূপা উপজেলার মৌকুড়ি গ্রামের ধলা মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইন চার্জ (ওসি) সগির মিঞা জানান, সোমবার সন্ধ্যায় দলে যোগদানকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ জুলফিকার কায়সার টিপুর লোকজন চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুনের ওপর হামলা চালান। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর লোকজন কাতলাগাড়ি বাজারে সংঘর্ষে লিপ্ত হন।
এ সময় জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা বিসিআইসি সার ডিলার জেসি এন্টারপ্রাইজ, আব্দুস সাত্তারের মুদি ও তেলের দোকান ভাঙচুরসহ লুট করেন। এছাড়াও মনিরুল, মহির মোল্লা, মোকাদ্দেস ও আয়নালসহ বেশ কয়েকটি বাড়ি বাড়ি ভাঙচুর করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় কাতলাগাড়ী বাজার এলাকায় বিপুল সংখ্যক পলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানায় এখনো কোনো মামলা হয়নি।
কেএইচ





