কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা (২৫) নামের এক অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে উপজেলার রায়টা পদ্মা নদীর পাথর ঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রাম গ্রামের মৃত জাকাত সর্দারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহেল রানা ভেড়ামারা-দৌলতপুর রুটে অটোরিকসা চালাতো। সে গত শনিবার প্রতিদিনের ন্যায় অটোরিকসা নিয়ে বের হওয়ার পর আর বাড়ীতে ফিরে আসেনি। পরদিন রোববার নিহতের ভাই বাহারুল দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং ২৮২।
এরপর সোমবার ভেড়ামারা থানা পুলিশ খবর পেয়ে উপজেলার রায়টা পাথর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, রাতে রাইটা পাথরঘাট এলাকায় সোহেল রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমবি





