জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী অ্যাডভোকেট আসাদউদ্দিনকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ। দেশব্যাপী নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।

এদিকে আজ শুক্রবার সিরাজগঞ্জে আসাদের স্ত্রী নাহিদ সুলতানা সুইটি এক সংবাদ সম্মেলন করে তার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। আসাদ উদ্দিন বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে নিযুক্ত আইনজীবী টিমের একজন সদস্য।

গত বৃহস্পতিবার ঢাকা থেকে সিরাজগঞ্জ গ্রামের বাড়ি যাবার পথে তাকে গ্রেফতার করা হয়। আসাদকে গ্রেফতারের কথা সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে স্বীকার করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলনে একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে অ্যাডভোকেট আসাদের স্ত্রী তার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার ওই দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুইটির ভাই মনিরুল ইসলাম মাসুদ, বোন শামীমা নাসরিন বিউটি, ছেলে সানিমউদ্দিন, ভাবী রুপালী খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আসাদের স্ত্রী নাহিদ সুলতানা সুইটি জানান, ২২ অক্টেবর ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়িতে যাচ্ছিলেন আসাদ।

বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বেলা আড়াইটার দিকে পৌঁছলে ট্রাফিক সিগনালে গাড়িটি থামিয়ে সাদা পোশাকে ডিবি পরিচয়ে ৫-৭ জন তাকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু পশ্চিম থানা, সিরাজগঞ্জ সদর থানা, সলঙ্গা থানাসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগে যোগাযোগ করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানান। অ্যাডভোকেট আসাদ উদ্দিনের সন্ধান না পাওয়ায় শিশুসন্তানসহ তার পরিবার উৎকণ্ঠায় রয়েছেন। অ্যাডভোকেট আসাদউদ্দিনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের সময় অ্যাডভোকেট আসাদউদ্দিনের স্ত্রী নাহিদ সুলতানা সুইটির আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। এ সময় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সূত্র: নয়া দিগন্ত।

এআই