দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর, সোমবার বিকাল পাঁচটায় শুরু হবে।
১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। খবর বাসসের।
সংসদ সচিবালয় অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সোমবার বিকালে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।
আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার বিধানসংবলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়া অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া সংসদের আসন্ন অধিবেশনে আরও বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপনের কথা রয়েছে।
এর আগে দশম জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশন শুরু হয় গত ৩ জুন। এ অধিবেশন গত ৩ জুলাই শেষ হয়।
ওই অধিবেশনের তৃতীয় কার্যদিবসে (গত ৫ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পেশ করেন। ২৯ জুন এ বাজেট পাস করা হয়। এ ছাড়া দ্বিতীয় অধিবেশনে ছয়টি সরকারি বিল পাস করা হয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





