গুলশানে বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও নয়া পল্টন কার্যালয়ে তালা দেয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী জুড়ে। ইতোমধ্যে ৫ জানুয়ারিকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ।
রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে ১১টি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষব্ধরা। এর মধ্যে ঢাকায় ৬টি এবং ঢাকার বাইরে ৪টি গাড়িতে আগুন দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের খবর
ঢাকা: সবুজবাগের পূর্ব কদমতলী এলাকায় মিরপুরগামী একটি বাসে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেয়া হয়।
এছাড়া শনিরআখড়ায় একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
আজিমপুরে মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী বিকল্প পরিবহনের (ঢাকা মেট্রো জ ১৪২৫৮৪) একটি বাসে আগুন দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের এসে আগুন নেভায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষব্ধ জনতা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় চলন্ত বাসটিতে আগুন দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এতে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় যাত্রীসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-৩২০৫) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সন্ধ্যা ৬টার দিকে এ আগুন দেয়া হয়।
আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজেন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বারিধারার যমুনা ফিউচার পার্কের সামনে একটি বাসে ও একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।
উত্তরার জসিমউদ্দিন মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বিকাল ৪টার দিকে চলন্ত ওই প্রাইভেটকারটিকে থামিয়ে আগুন দেয়া হয়।
উত্তরা পশ্চিম থানার সহকারী ডিউটি অফিসার এসআই এমদাদুল হক গণমাধ্যমকে জানান, বিকাল ৪টার দিকে জসিম উদ্দিন মোড়ে ঘটনাটি ঘটে। তবে কাউকে আটক করা যায়নি।
গেন্ডারিয়ার দয়াগঞ্জে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বিকাল ৪টা ২০মিনিটের দিকে বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক এসআই সজিব বালা জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বেলা সোয়া ১১টার দিকে পুরানা পল্টনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে নিউ ভিশন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়। এসময় পুলিশ ২ জনকে আটক করেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর পোস্তগোলা আবদুল্লাহ ফিলিং স্টেশনের সামনে দেশ ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
সন্ধ্যা ৭টার দিকে ওই বাসে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে রবিবার গাজীপুরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এছাড়া ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় অর্ধশত যানবাহন ভাঙচুর করা হয়।
বিকাল ৫টার দিকে ঢাকা গাজীপুর সড়কের শিববাড়ী এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
একই সময়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তার পশ্চিমে ভাওয়াল কলেজ গেট এলাকায় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় মহাসড়কে প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করা হয়। তবে দুটি ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ : দুপুরে ময়মনসিংহে পদ্মা পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত একটি অটো রিঙা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ত্রিশাল থেকে পদ্মা পরিবহনের এ বাসটি ময়মনসিংহ আসছিল। বাসটি ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে পৌঁছামাত্র ভাঙচুর চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
এছাড়াও ওই সময়েই ময়মনসিংহ থেকে মাসকান্দা যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটো রিকশায়ও আগুন দেয়া হয়। তবে এতে কেউ হতাহত না হলেও শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অপরদিকে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের নতুন বাজার রেলগেইট এলাকায় বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
কোতোয়ালি মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, এখনো ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
জেএ





