বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেছার আকন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেছার আকন বরগুনা জেলার তালতলি উপজেলার দক্ষিণ গেণ্ডামারা গ্রামের খালেক আকনের ছেলে।
আহতরা হলেন- একই উপজেলার লাল মিয়ার ছেলে আ. কুদ্দুস (৩০) ও আশিকুর রহমান (২২)।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পশ্চিম কাউনিয়া এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। এ সময় পাঁচজন শ্রমিক পাইলিংয়ের পাইপ কাঁধে নিয়ে ঘুরতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।
এদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নেছার আকনকে মৃত ঘোষণা করেন। বাকীদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওএফ





