রাজধানীর পুরানা পল্টনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
মঙ্গলবার রাত ১২টার দিকে পুরানাপল্টন মোড়ে গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক (ঢাকা ন-৫৯৯৪২) ও কাপড়বাহী ট্রাকের (রাজশাহী ট-১১-০০৫) মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান জানান, সংঘর্ষে সিলিন্ডারবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপড়বাহী ট্রাকের যাত্রী মো. ইনসান জানান, তাদের ট্রাকটি মতিঝিল থেকে শীতের কাপড় নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। ট্রাকের পিছনে ১০ থেকে ১২ জন কাপড় ব্যবসায়ী ছিলেন। সংর্ঘর্ষের পর চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।
এএইচ





