আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটি অপরাধের কিছু না। এনিয়ে প্রশ্ন করার কোন সুযোগ নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জনও নির্বাচিত হতে পারে ১০০ জনও হতে পারে। সংবিধানে এ নিয়ে কোন বিধি নিষেধ নেই।
শনিবার দুপুরে ঢাকা বার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে সাংবিধানিক সংকট তৈরী করতে চেয়েছিল মন্তব্য করে সংবিধান প্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। আমি জানতে চাই যারা গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সঠিক কাজ করেছেন, নাকি যারা নির্বাচনে অংশগ্রহণ না করে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তারা পাপ করেছে’।
বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]