কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী আর নেই।
তিনি সোমবার সকাল ১০টার দিকে ভারতের বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আহমেদুল হক চৌধুরীর ছোট ভাই নুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আহমেদুল হক চৌধুরী বুকে টিউমারজনিত রোগে আক্রান্ত হন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঈদুল ফিতরের পর থেকে তিনি ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, আহমেদুল হক চৌধুরী মুত্যুর আগ পর্যন্ত রামু উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মরহুমের মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নুরুল হক।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





