নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারও আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বসুরহাট দলীয় কার্যালয়ে গতকাল (সোমবার) রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে এই হরতালের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আগামী ৩১ জানুয়ারি (রোববার) এই আধাবেলা হরতাল পালন করা হবে বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়।

এরআগেও গত ২৪ জানুয়ারি (রোববার ) নোয়াখালীর কোম্পানীগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিলো উপজেলা আওয়ামী লীগ।
কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

কিন্তু ২৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এদিকে, মন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ জেলার কয়েকজন নেতা মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মাইজদী বালুর মাঠে এক সমাবেশের আয়োজন করেন।

কিন্তু একই সময়ে বালুর মাঠের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরাও একটি সমাবেশের ডাক দেন।

এতে জেলা শহরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় আজ সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

এমবি