নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন, চাঞ্চল্যকর সাত খুনের অন্যতম আসামি নূর হোসেনকে ন্যূনতম সময়ের মধ্যে কলকাতা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
মহিদ উদ্দিন জানান, নূর হোসেনকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে। তবে কি প্রক্রিয়ায় আনা হবে তা এখনই বলা যাচ্ছে না।
তিনি বলেন, শনিবার রাতে নূর হোসনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। কলকাতার দমদম নেতাজী সুভাস চন্দ্র বোস বিমানবন্দরের পাশে কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে সে দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিট এবং এন্টি টেররিজম ইউনিট এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে।
পুলিশ সুপার বলেন, আমি তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে তারা এটা ফোনে বলেছেন। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে যত তাড়াতাড়ি নূর হোসেন ও তার সহযোগীদের হস্তান্তর করা যায়, অফিসিয়ালি সে প্রক্রিয়া শুরু করার জন্য বলেছি।
নারায়ণগঞ্জ-৫ উপ নির্বাচন নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বিকেল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
ঢাকা,আইএম, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ