নোয়াখালীর মাইজদীতে সড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় নবজাতকটি হাসপাতালে মারা গেছে।

শুক্রবার সকালে নোয়াখালী সদর হাসপাতালের চিকিৎকরা শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার বিকালে ওই নবজাতককে মাইজদী থেকে উদ্ধারের পর নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটি দুই দিন বয়সী ছিল বলে চিকিৎসকদের ধারণা। 

হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট কর্ণজিত মজুমদার জানান,“শিশুটি বিভিন্ন সমস্যায় ভুগছিল। এ ধরনের শিশুর বেঁচে থাকার সম্ভাবনা কম। তবে চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সকালে সে মারা যায়।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, “শিশুটির মারা যাওয়ার খবর থানায় জানানো হয়েছে।”

ওসি আনোয়ার হোসেন জানান, নবজাতকের লাশ সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের কালভার্ট সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের মধ্যে নবজাতককে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

টহল পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

এএইচ