চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় নৌ-বাহিনী।
বৃহস্পতিবার ভারতীয় কোস্টগার্ডের তিনটি প্রশিক্ষণ জাহাজ ‘আইএনএস তীর’, ‘আইএনএস কেশরী’ ও ‘আইসিজিএস ভেরুণা’ চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম শেরাফুল্লাহ তাদের স্বাগত জানান।
এর আগে ক্যাপ্টেন এস আর আয়ার, কমান্ডার কে শংকর ও কমান্ডার এন রবি অধিনায়কের দায়িত্বে তিনটি জাহাজে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৫ জন কর্মকর্তা ও ৫৬০ জন নাবিক বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সাংগু’ তাদের অভ্যর্থনা জানায়।
এ সময় নৌ-বাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও ডিফেন্স অ্যাটাশে প্রমুখ উপস্থিত ছিলেন।
সফররত অধিনায়কদের চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক অধিনায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, এসএমডব্লিউটি, বানৌজা শহীদ মোয়াজ্জমসহ নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ ও ট্রেনিং স্কুল, দর্শনীয় স্থান পরিদর্শন করার কথা রয়েছে।
ভারতীয় নৌ-বাহিনী ও কোস্টগার্ড জাহাজের এ শুভেচ্ছা সফরের ফলে বাংলাদেশ ও ভারতীয় নৌ-বাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী রোববার বাংলাদেশ ত্যাগ করবে।
জেআই





