উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ আট দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি।
৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে বিভাগেজুড়ে পালিত হবে লাগাতার পরিবহন ধর্মঘট।
বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাফকাত মঞ্জুর বিপ্লব এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩১ অক্টোবরের মধ্যে তারা উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়ন চান।
জানা গেছে, গত শনিবার রাজশাহী ও বগুড়ায় পরিবহন মালিক সমিতির নেতাদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
ইতোমধ্যে রাজশাহী, বগুড়া, জয়পুরহাটে বিএরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। ফলে যাত্রী সংকটে পড়েছে ওই রুটে চলাচল করা পরিবহনগুলো।
পরিবহন মালিক সমিতির দাবি- বিএরটিসি বাসগুলো চলবে ডিপো থেকে ডিপো ও হাইওয়েতে। কিন্তু ওই রুটের বাসগুলো এখন উপজেলা পর্যায়েও চলানো হচ্ছে। এনিয়ে বাস ডিপোর ম্যানাজারদের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।
রুটগুলোতে বিআরটিসি বাস চলাচল করায় যাত্রী সঙ্কট সৃষ্টি হয়েছে। ফলে মালিকদের ঋণ করে বাস চালাতে হচ্ছে। এতে বেকায়দায় পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
এমআর
















