চাঁদপুরের মসজিদ সংলগ্ন ইমামের কক্ষে ছেলেসহ তিন শিশুর মৃত্যু অক্সিজেনের অভাবে হতে পারে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
গতকাল (৩০ আগস্ট) শুক্রবার চাঁদপুরের মতলব উপজেলায় ইমাম মাওলানা জামাল উদ্দিন জুম্মার নামাজ শেষে মসজিদ সংলগ্ন রুমে এসে তার ৫ বছর বয়সী ছেলেসহ তিন জনকে মৃত্যু অবস্থায় পন। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছিল।
লাশের ময়নাতদন্তকারী ও চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল সাংবাদিকদের জানান, ইমামের ওই কক্ষে ইউপিএসের ব্যাটারির কারণে বা অন্য কোনো কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নামাজ শেষে রুমে ইমাম, পেলেন ছেলেসহ তিন লাশ
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল তা থেকে কোনো কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি কার্বনডাই-অক্সাইড বা অন্য কোনো কেমিক্যাল উৎপাদন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে, অক্সিজেন নিতে না পারলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের প্রাথমিক ধারণা দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার চাঁদপুরের মতলব উপজেলায় পূর্ব কলাদিয়া জামে মসজিদ ইমামের কক্ষে তিন শিশুর মৃত্যু হয়। মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলেসহ তিন শিশু ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভাঙলে তাদের লাশ মেলে।
এমবি





