গাজীপুরের কালিয়াকৈর যুবলীগের প্রাক্তন সভাপতি মো. রফিকুল ইসলাম হত্যার ঘটনায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিয়াদকে (২৯) গ্রেফতার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এস আই মো. ইকবাল হোসেন জানান, রিয়াদকে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের হোগলাকাদি এলাকার তার খালার বাসা থেকে গ্রেফতার করা হয়। সে রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা চলাকালে উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি মো. রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মামুন সিরাজুল মজিদ ওরফে মোতালেব বাদী হয়ে কালিয়াকৈর থানায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

কেএইচ