মাগুরা সদর উপজেলার কছুন্দি এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাদ্দাম হোসেন (২৫) ও সাইদুল ইসলাম (২৫)। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাদ্দম হোসেন মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং সাইদুল ইসলাম একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জিয়ার রহমান জানান, ঈদে বিক্রির জন্য ঢাকা থেকে পুরাতন কাপড় নিয়ে পিকআপভ্যানে চড়ে মাগুরায় আসছিলেন ৯ জন কাপড় ব্যবসায়ী।

সকাল ৭টার দিকে পিকআপ ভ্যানটি মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মহিষ বোঝাই একটি ট্রাক পিকআপটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম ও সাইদুলকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পরপরই তারা মারা যান।

গুরুতর আহত অবস্থায় অপর ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুজ্জামান মুন্না ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ