কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় রাজাপালং মাদ্রাসার কাছে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

নিহতরা হলেন উপজেলার থাইংখালী তেলখোলা গ্রামের মৃত নয়ামন তঞ্চঙ্গার ছেলে মঞ্জু লাল তঞ্চঙ্গার (৫৩) ও নুর বেগম (৫০)।

আহত যাত্রীরা জানান, অদক্ষ হেলপার ট্রাকটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এতে দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এএইচ