ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে অনেকেরই পরিচয় পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করতে লাশ এনে রাখা হয়েছে স্থানীয় স্কুল মাঠে। সেখানে ভিড় জমিয়েছেন স্বজনেরা। তাদেরই একজন সবুজ। দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন তিনি। বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধভাবে রাখা মরদেহগুলো। সেখান থেকে একে একে পরীক্ষা করে অবশেষে বাবা-মায়ের লাশ শনাক্ত করেন সবুজ। একসঙ্গে বাবা-মা দুজনেরই লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সবুজের বাবা মজিবুর রহমান; বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জের পশ্চিম রাজারগাঁওয়ে। তিনি শ্রীমঙ্গলে ব্যবসা করতেন। সোমবার রাতে স্ত্রী কুলসুমকে সঙ্গে নিয়ে উদয়ন ট্রেনে শ্রীমঙ্গল থেকে বাড়ি যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় দুজনই নিহত হন।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৪টায় কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

 

মামা