যশোরের শার্শা উপজেলার উলাশীতে বুধবার সকালে ট্রাক ও নছিমনের সংঘর্ষে সাহেব আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সাহেব আলী জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের উলাকোল গ্রামের আনসার আলীর ছেলে।
এসময় আহত হয়েছেন আরো দুইজন। আহতরা হলেন- একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোরশেদ (৪২) ও সামসুদ্দিনের ছেলে নছিমন চালক জামির হোসেন (৪১)।
স্থানীয়রা জানান, সকালে শার্শার বাঁগআচড়া বাজার থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনে মাছ নিয়ে নাভারণ বাজারে যাচ্ছিলেন সাহেব আলী। পথে উলাশী এলাকায় এলে ওই নছিমন ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই সাহেব আলী মারা যান। এসময় আহত হন নছিমনের এক যাত্রী ও চালক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমআইএস





