পাঁচ দফা দাবিতে খুলনাঞ্চলের সাত রাষ্ট্রায়াত্ব পাটকলের শ্রমিকদের অবরোধ তিনদিনের জন্য স্থগিত করেছেন শ্রমিক নেতা

খুলনা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা তিনদিনের জন্য অবরোধ স্থগিত করলেও ধর্মঘট অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন।

রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম জমাদ্দার অবরোধ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানে অনুষ্ঠিত সভায় রোববারের (১০ এপ্রিল) মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়ে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতারা তাদের অবরোধ তিনদিনের জন্য স্থগিত ঘোষণা করেন। তবে ধর্মঘট অব্যাহত থাকবে। শুক্রবার (০৮ এপ্রিল) শ্রমিকরা সমাবেশ করবেন। তিন দিনের মধ্যে বেতনভাতা পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে সোমবার (১১ এপ্রিল) থেকে শ্রমিকরা ফের অবরোধে যেতে বাধ্য হবেন।

খুলনার জেলা প্রশাসক নাজমুল হাসান জানান, পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ সমস্যা সমাধানে ৫ দফা দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের সমস্যা সমাধানের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস পাওয়ায় শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। রোববারের মধ্যে একটি সমাধান পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

গত সোমবার থেকে খুলনাঞ্চলের সরকারি স্টার জুটমিল, প্লাটিনাম-জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিলসহ সাতটি পাটকল শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।

পাশাপাশি মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করছেন। এতে পাটকলগুলো অচল হয়ে পড়েছে।

ওএফ