জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকোর নির্বাহী পরিষদে সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ইউনেস্কোর নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়। ২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।

বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

এমএম