স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘এবারের বিশ্বকাপে আমরা ভাল খেলেছি। এক সময় আমরা বিশ্বকাপ জিতব।’
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে রোববার সকালে নবম বঙ্গবন্ধু টুর্নামেন্ট ২০১৫- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমীন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
আট দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ও বলাকা ক্রীড়াচক্র মুখোমুখি হয়। অংশগ্রহণকৃত বাকি ৬টি দল হল- এরিয়ানস ক্লাব, যশোর ক্রিকেট খেলোয়াড় সমিতি, শুভেচ্ছা ক্লাব-নড়াইল, পিকে ইউনিয়ন ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৮ এপ্রিল সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এসএইচ





