রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় একজন ধর্ষণকারীর নাম পাওয়া গেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপকমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, একজন ধর্ষণকারীর নাম পাওয়া গেছে। কিন্তু তাকে এখনো শনাক্ত করা যায়নি। তবে তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করছে না। এই ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে।

শনাক্ত করা না যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘তরুণীকে গাড়িতে তোলার পর তাদের একজনের কাছে ফোন এলে সে ফোনে কথা বলার সময় নাম বলে,সেখান থেকেই নামটি যানা যায়।

তাই নাম জানা গেলেও তাকে শনাক্ত করা যায়নি। কারণ ওই ধর্ষণকারীরা পূর্বপরিচিত নয়। তদন্তকাজ এগিয়ে নিতে এরই মধ্যে কয়েকটি টিম কাজ শুরু করেছে। মহানগর গোয়েন্দা পুলিশও তদন্তে নেমেছে।’

ডিসি আরো বলেন,‘ওই তরুণীকে গাড়িতে ওঠানোর স্থান এবং পুরো রাস্তায় যেখানে যেখানে মাইক্রোবাসটি চালানো হয়েছে বলে তরুণী মনে করতে পারবে সে স্থানগুলোকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে।

সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ থাকলে তাও সংগ্রহ করা হবে। এই ধরনের ঘটনার তদন্ত করার জন্য একজন পরিদর্শক নিয়োগ করা হয়ে থাকে। এ ক্ষেত্রেও সেটা মানা হয়েছে। ওই তরুণীকে আমরা কাউন্সেলিং থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করছি।’

তিনি বলেন, ‘খুব শিগগির ধর্ষণকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। স্বল্প সময়ের মধ্যে সংবাদ জানাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ২২ বছর বয়সি গারো ওই তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।

ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শোরুমে বিক্রয় বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফিরতে গাড়ির জন্য কুড়িলে অপেক্ষা করছিলেন।

এ সময় হঠাৎ পাঁচজন দুর্বৃত্ত মাইক্রোবাসে করে এসে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এর পরে মাইক্রোবাসেই পালাক্রমে ধর্ষণ করে উত্তরার জসীমউদদীন রোড এলাকায় ফেলে যায়।

স্থানীয়দের সহায়তায় সেখান থেকে বাসায় ফেরেন। পরে শুক্রবার এ ঘটনায় ভাটারা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন ওই তরুণী।

ভাটারা থানার ডিউটি অফিসার এসআই তাপস কুমার রায় তরুণীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাত পাঁচ যুবক ওই তরুণীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাত ওই পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে মামলার পর শনিবার ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। সাত দিন পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

এমকে