করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৫৪ জন।
শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৯ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৮৪৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২২৬২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ৩৮১টি।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ২৯ হাজার ৬৩৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৫২ হাজার ৭৪৮টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে পুরুষ ৪৮ জন আর নারী ২৯ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৪৩ জন আর নারী মারা গেলেন ৪ হাজার ১০ জন।
মৃতদের মধ্যে ষাটোর্ধ আছেন ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন তিনজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে একজন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের নয়জন, খুলনা বিভাগের ১৯ জন, সিলেট ও রংপুর বিভাগের আছেন চারজন করে, ময়মনসিংহ বিভাগে আছেন তিনজন আর বরিশাল বিভাগের আছেন একজন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন হাজার ২৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন দুই হাজার ১৬৮ জন, চট্টগ্রাম বিভাগের ৪৫৮ জন, রংপুর বিভাগের ১৩২ জন, খুলনা বিভাগের ২০৩ জন, বরিশাল বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ১৯৬ জন, সিলেট বিভাগের ৫০ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ২৮ জন।
এমবি





